Tepantor

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে চাঞ্চল্যকর জালিয়াতি: হত্যা মামলার আসামি পালিয়েছে, বরখাস্ত ৬

31 January, 2026 : 11:22 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে অন্য এক আসামির পরিচয় ধারণ করে এক দুর্ধর্ষ হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এই জালিয়াতির ঘটনা ঘটলেও আজ শনিবার বিষয়টি জানাজানি হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে এক ডেপুটি জেলারসহ ছয়জন কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

কারাসূত্র ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বেলা ১১টা ৫২ মিনিটের দিকে নবীনগর থানার একটি মামলায় জামিনপ্রাপ্ত হাজতি দিদার হোসেনের (২৮) পরিবর্তে কসবা থানার একটি হত্যা মামলার আসামি মো. হৃদয় (২৮) কারাগার থেকে বের হয়ে যায়। দিদার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোতালেবের ছেলে এবং হৃদয় কসবা উপজেলার নিমবাড়ী মধ্যপাড়ার মজিবুর রহমানের ছেলে। হৃদয় ২০১৮ সালের একটি হত্যা মামলায় গত বছরের ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, জামিনপ্রাপ্ত আসামি দিদার ও পলাতক হৃদয়সহ অন্তত ৭ জন বন্দি পারস্পরিক যোগসাজশে এই পালানোর পরিকল্পনা করে। হৃদয় কৌশলে দিদারের কেস হিস্ট্রি টিকিটে থাকা ছবি সরিয়ে ফেলে এবং দায়িত্বরত কারারক্ষীদের জানায় যে তার ছবি হারিয়ে গেছে। যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের শিথিলতার সুযোগে হৃদয় নিজেকে দিদার পরিচয় দিয়ে মূল ফটক দিয়ে বেরিয়ে যায়।

এ ঘটনায় কারাগারের জেলার মনজুরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে এই মামলার দুই আসামি দিদার হোসেন ও পলাশকে গ্রেপ্তার করেছে। তবে পলাতক হৃদয়কে এখনো খুঁজে পাওয়া যায়নি।

ঘটনা তদন্তে চট্টগ্রামের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. ছগির মিয়াকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলার আজহারুল ইসলাম এবং কারারক্ষী মোরশেদ আলম, হানিফ মিয়া, শাহাব উদ্দিন, রবিউল আলম, জাহিদ হাসান ও মোহাম্মদ আবু খায়েরকে বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার জানিয়েছেন, বিষয়টি উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।