যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত মার্কিন কংগ্রেসীয় তদন্ত কমিটির সামনে শেষ পর্যন্ত সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ক্লিনটন দম্পতির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
দীর্ঘদিন ধরে তদন্ত কমিটির তলব এড়িয়ে যাওয়ার পর রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস ওভারসাইট কমিটি তাদের বিরুদ্ধে ‘ক্রিমিনাল কনটেম্পট’ বা আদালত অবমাননার প্রস্তাব আনার প্রস্তুতি নিলে এই নাটকীয় মোড় আসে। গত মাসে জেমস কোমারের নেতৃত্বাধীন কমিটি এই প্রস্তাব অনুমোদন করেছিল, যেখানে কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও রিপাবলিকানদের সঙ্গে সুর মেলান।
ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী তদন্ত কমিটির সামনে উপস্থিত হবেন। তিনি দাবি করেন, তারা সদিচ্ছার ভিত্তিতে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছেন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখেই তদন্তে সহযোগিতা করবেন।
এর আগে ক্লিনটন দম্পতির আইনজীবীরা কংগ্রেসের এই তলবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ‘আইনত অকার্যকর’ বলে অভিহিত করেছিলেন। তাদের দাবি ছিল, এপস্টেইন বিষয়ে তাদের কাছে থাকা সীমিত তথ্য ইতোমধ্যে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উল্লেখ্য, মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন সংক্রান্ত নথিতে বিল ক্লিনটনের বেশ কিছু পুরনো ছবি পাওয়া গেছে। এর মধ্যে একটি ছবিতে তাকে এপস্টেইনের মালিকানাধীন একটি সম্পত্তির সুইমিং পুলে দেখা যায়। তবে ক্লিনটন বরাবরই দাবি করে আসছেন, এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না এবং বিষয়টি জানাজানি হওয়ার অনেক আগেই তিনি সম্পর্ক ছিন্ন করেছিলেন।
কমিটির চেয়ারম্যান জেমস কোমার এক বিবৃতিতে জানিয়েছেন, ক্লিনটন দম্পতিকে সাক্ষ্য দিতে রাজি করানোর মাধ্যমে এটিই প্রমাণিত হলো যে, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’। রিপাবলিকানদের অভিযোগ ছিল, ক্লিনটন দম্পতি দীর্ঘ সময় ধরে তথ্য দিতে গড়িমসি ও সময়ক্ষেপণ করেছেন। তবে এপস্টেইনের নির্যাতনের শিকার কোনো ব্যক্তি এখন পর্যন্ত সরাসরি সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics