তেপান্তর রিপোর্ট:
আন্তর্জাতিক বাজারে বড় দরপতনের ধাক্কা কাটিয়ে আবারও চড়তে শুরু করেছে স্বর্ণ ও রূপাসহ মূল্যবান ধাতুর দাম। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন দেখা দিয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায় আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পায়। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ৮৯৩ দশমিক ৫৯ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯১৪ ডলারে কেনাবেচা হয়েছে।
এদিকে বিশ্ববাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব সরাসরি পড়েছে বাংলাদেশের স্থানীয় বাজারেও। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৮ হাজার ২০২ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের বর্তমান বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৯ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণ ৫ হাজার ৫৮০ ডলার ছাড়িয়ে রেকর্ড গড়লেও এর পরদিনই একদিনে প্রায় ৯ শতাংশ দরপতন ঘটে। ২ ফেব্রুয়ারি পর্যন্ত সেই পতনের ধারা অব্যাহত থাকলেও সপ্তাহ শেষে বাজার ফের ঘুরে দাঁড়িয়েছে।
স্বর্ণের পাশাপাশি রূপার দামও শুক্রবার স্পট মার্কেটে ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪ দশমিক ৩৭ ডলারে পৌঁছেছে। তবে সাপ্তাহিক হিসেবে রূপার বাজারে ২০১১ সালের পর সর্বোচ্চ দরপতন হয়েছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বিশ্ববাজারে যথাক্রমে ০ দশমিক ৬ শতাংশ ও ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics