Tepantor

বিসিবির ওপর কোনো শাস্তি নয়, পিসিবির শর্ত মেনে নিল আইসিসি

10 February, 2026 : 8:04 am

তেপান্তর স্পোর্টস ডেস্ক:

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না চাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া তিনটি শর্ত আইসিসি মেনে নেওয়ার পরই এই নাটকীয় মোড় এল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আইসিসি এক বিবৃতিতে জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আর্থিক, ক্রীড়া বা প্রশাসনিক কোনো দণ্ড আরোপ করা হবে না। একইসঙ্গে আইসিসির নিয়ম অনুযায়ী বিসিবির ‘ডিসপিউট রেজল্যুশন কমিটিতে’ (ডিআরসি) যাওয়ার অধিকারও বহাল রাখা হয়েছে।

সমঝোতার অংশ হিসেবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি বড় আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। এর ফলে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নিতে না পারলেও বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থ সংরক্ষিত হলো।

উল্লেখ্য, বাংলাদেশ নিরাপত্তার কারণে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় খেলার দাবি জানিয়েছিল, যা আইসিসি প্রত্যাখ্যান করে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এর প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল। লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের ফলপ্রসূ বৈঠকের পর এই সংকট নিরসনের পথ সুগম হয়।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।