Tepantor

বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

13 February, 2026 : 8:08 am

তেপান্তর রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ঘোষিত ২৯৯টি আসনের বেসরকারি ফলে বিএনপি ও তাদের মিত্ররা ১৯৭টি আসনে জয়ী হয়েছে। এর ফলে দীর্ঘ সাড়ে তিন দশক পর একজন পুরুষ সরকারপ্রধান পেতে যাচ্ছে বাংলাদেশ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এই ফল ঘোষণা করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপির নেতৃত্বাধীন জোট ১৯৭টি আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৫৮টি আসন। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দল মিলিয়ে জয় পেয়েছে ৪টি আসনে।

রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে, বাংলাদেশে সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯০ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সংসদীয় গণতন্ত্রের যুগে টানা ৩৫ বছর নারী নেতৃত্বাধীন সরকার পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় পর তারেক রহমানের হাত ধরে সেই ধারায় পরিবর্তন আসতে যাচ্ছে।

নির্বাচনে বিশাল জয় সত্ত্বেও কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি হাইকমান্ড। আজ শুক্রবার বাদ জুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়ার কর্মসূচি পালন করবে দলটি। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে বলে বিএনপির প্রেস উইং থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এবারের নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।