Tepantor

নাসিরনগরে নির্বাচন পরবর্তী গোষ্ঠীগত সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

14 February, 2026 : 7:33 am

তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে নির্বাচন পরবর্তী গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ধরমণ্ডল ইউনিয়নে তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও আনুষঙ্গিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ধরমণ্ডল ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘাত এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।