তেপান্তর রিপোর্ট:
বাংলাদেশে আর কেউ যেন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হতে না পারে, সে জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
বিকেল পৌনে ৪টার দিকে শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে তারেক রহমান নির্বাচনের ফলাফল, পরবর্তী সরকার গঠন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হলে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তারেক রহমান তার বক্তব্যে সম্ভাব্য জোট রাজনীতি এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে আলোকপাত করেন। তিনি স্পষ্ট করেন যে, কেবল সরকার গঠনই শেষ কথা নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে শক্তিশালী করতে হবে যাতে ক্ষমতার অপব্যবহারের পথ চিরতরে বন্ধ হয়।
সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে তারেক রহমান নতুন সরকারের অগ্রাধিকার এবং জনআকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। দলীয় নেতাকর্মীদের বিজয়ে আত্মহারা না হয়ে সংযত ও দায়িত্বশীল আচরণ করারও নির্দেশনা দেন তিনি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics