তেপান্তর রিপোর্ট:
দীর্ঘ নাটকীয়তা ও তিন দফা দাবির পর অবশেষে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এ স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই ঐতিহাসিক দলিলে সই করেন দলটির শীর্ষ নেতারা।
এনসিপির পক্ষে সনদে স্বাক্ষর করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং এনসিপির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার ও মনিরা শারমিনসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সনদে সই শেষে নাহিদ ইসলাম জানান, তার দল কোনো ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) ছাড়াই সনদে স্বাক্ষর করেছে। তিনি বলেন, “সবার শেষে স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন্য আমরাই ছিলাম সর্বোচ্চ তৎপর।” এর আগে এনসিপি তিনটি সুনির্দিষ্ট শর্ত দিয়ে স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করেছিল, যার মধ্যে গণভোটের বাধ্যবাধকতা ও সংবিধানের নতুন নামকরণের দাবি ছিল।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রতিটি পদক্ষেপে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পর এনসিপি এই সিদ্ধান্ত নিল।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics