তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকা থেকে হারিয়ে যাওয়া তিন বছর বয়সী শিশু আব্দুল্লাহ অবশেষে তার পরিবারের কাছে ফিরেছে। মানবিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর প্রচেষ্টায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিশুটিকে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।
আব্দুল্লাহ সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গাংগাতা গ্রামের মো. রায়হান মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রায়হান মিয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাতকে চিকিৎসার জন্য কুমারশীল মোড়ের গ্রীনভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভিড়ের মধ্যে অসাবধানতাবশত আব্দুল্লাহ নিখোঁজ হয়। পরে তাকে ট্রমা জেনারেল হাসপাতালের সামনে একা ও আতঙ্কিত অবস্থায় পাওয়া যায়। শিশুটি নিজের নাম-পরিচয় বলতে না পারায় স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে পরিচয় শনাক্তের উদ্যোগ নেয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন জানান, আব্দুল্লাহর পরিবারের পরিচয় নিশ্চিত হওয়ার পর যথাযথ যাচাই-বাছাই শেষে তাকে হস্তান্তর করা হয়েছে। দ্রুততম সময়ে একটি শিশুকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিতে পেরে তারা স্বস্তি বোধ করছেন।
সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবা রায়হান মিয়া বলেন, “ছেলের খোঁজে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। বাতিঘরের দায়িত্বশীলতার কারণে দ্রুত তাকে ফিরে পেয়েছি।” শিশুটি ফিরে আসায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics