তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘদিনের বিরোধ ও রাজনৈতিক প্রতিহিংসার জেরে ইমন (২৪) নামে এক যুবক দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের বাদ্যকর পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত ইমন ওই গ্রামের হোসেন মিয়ার ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও আহতের পরিবার জানায়, বড়িকান্দি ইউনিয়নে ‘মনেক ডাকাত’ ও ‘রিফাত’ বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। গত ২০২৫ সালের ১ নভেম্বর রিফাত বাহিনীর হামলায় মনেক ডাকাতের ছেলে শিপনসহ দুইজন নিহত হওয়ার ঘটনায় ইমনের ছোট ভাই সনেট অন্যতম সাক্ষী। এছাড়া সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ইমন এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সক্রিয় থাকায় প্রতিপক্ষ গ্রুপটি তার ওপর ক্ষুব্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ইমন বাদ্যকর পাড়া এলাকায় অবস্থান করার সময় ১৫-১৬ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এবং এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ইমনের শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics