Tepantor

ত্রয়োদশ সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

17 February, 2026 : 4:59 pm

তেপান্তর রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্র ১১-দলীয় জোট। জোটের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। একই সাথে বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, জোটের ঐক্য ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটাতেই এই বিশেষ পদবন্টন করা হয়েছে।

সংসদের বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া বিরোধীদলীয় হুইপ হিসেবে মনোনীত করা হয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ছাত্রশিবির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খানকে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন এবং এনসিপি ৬টিসহ ১১-দলীয় জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করে সংসদের দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। শুরুতে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ নিয়ে কিছু মতপার্থক্য থাকলেও দুপুরে জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এবং বিকেলে বিরোধী দলের কাঠামো চূড়ান্ত করেন।

১১-দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সংসদে কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, বরং একটি ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের মাধ্যমে সরকারের গঠনমূলক সমালোচনা ও জনস্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। শিগগিরই জোটের পক্ষ থেকে এই সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে স্পিকারের দপ্তরে জমা দেওয়া হবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।