Tepantor

৬ মাসেও মেলেনি শিশু বিজয়ের সন্ধান, রিকশা চালিয়ে ছেলের খোঁজে ঘুরছেন বাবা

23 November, 2026 : 11:16 pm

তেপান্তর রিপোর্ট:

ছয় মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছর বয়সী শিশু বিজয় হোসেনের। ছেলেকে ফিরে পাওয়ার আশায় দীর্ঘ ছয় মাস ধরে বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন বাবা কাশেম আলী। পেশায় তিনি একজন রিকশাচালক। জীবিকার তাগিদে প্রতিদিন রিকশা চালানোর পাশাপাশি প্রতিনিয়ত ছেলের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন তিনি। একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার আকুলতা এভাবেই কাটছে তাঁর দিন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ মে ২০২৬, সোমবার দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকার সামনে থেকে নিখোঁজ হয় শিশু বিজয় হোসেন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিশু বিজয় হোসেনের বয়স ১০ বছর। তার বাবার নাম কাশেম আলী এবং মায়ের নাম হালিমা আক্তার।ছেলেকে হারানোর পর থেকেই দিশেহারা হয়ে পড়েছেন বাবা কামেশ আলী। পেশায় রিকশাচালক হওয়ায় প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভর করেই চলে তাঁর সংসার। জীবিকার প্রয়োজনে রিকশা চালাতে হলেও ছেলের সন্ধানের আশা ছাড়েননি তিনি। রিকশা চালানোর ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় ঘুরে ছেলের খোঁজ করছেন। দীর্ঘ ছয় মাস ধরে নানা চেষ্টা করেও সন্তানের সন্ধান না পেয়ে এখনো বুকভরা আশা নিয়ে ছেলের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন এই বাবা।

এ ঘটনায় গত ২৪ মে ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির বাবা।

কোনো সহৃদয় ব্যক্তি শিশু বিজয় হোসেনের সন্ধান পেয়ে থাকলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:

বাবা কাশেম আলী: ০১৯৫৭১৯৬৭৬৩

জোনাকি আক্তার: ০১৭৫০৪৮৪৭৩৫

একটি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে আপনার সামান্য তথ্যও হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংবাদটি বেশি বেশি শেয়ার করে শিশু বিজয়ের সন্ধানে সহযোগিতা করার জন্য সবার প্রতি মানবিক আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

 

 

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।