Tepantor

স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা!

20 November, 2026 : 5:28 pm

তেপান্তর রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামে আব্দুল আলী নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা দায়েরের ঘটনায় নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতালের চিকিৎসা স্লিপে তাঁকে ‘Brought Dead’ (মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে) উল্লেখ করা হয়েছে। পুলিশের প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদনেও তাঁর শরীরে নতুন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ রয়েছে। এমনকি ওই সুরতাল প্রতিবেদনে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন মৃতের ছেলে এবং পরবর্তী সময়ে হত্যা মামলার বাদী মো. আতিকুর রহমান। অথচ ঘটনার চার দিন পর ৭ নভেম্বর বিজয়নগর থানায় গিয়ে তিনি হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ সদর দপ্তর থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

নথিপত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩ নভেম্বর জালালপুর গ্রামের বাসিন্দা আব্দুল আলী অসুস্থ হয়ে পড়েন। ওই দিন সকাল ৯টা ২২ মিনিটে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রক্তের সুগার পরীক্ষা করা হয়। পরে বিকেল ৩টা ২০ মিনিটে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাশিদুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসা স্লিপে ‘Brought Dead’ উল্লেখ করার পাশাপাশি হৃদরোগের অবস্থা যাচাইয়ে ইসিজি করার পরামর্শ দেওয়া হয়।

একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সদর মডেল থানার উপপরিদর্শক মো. জাহিরুল হক মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ওই প্রতিবেদনে মৃতের শরীরে নতুন কোনো আঘাত বা চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। পাশাপাশি ভিসেরা পরীক্ষার সুপারিশ করা হয়। তবে এ প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, মৃতের ছেলে মো. আতিকুর রহমান নিজেই সেখানে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। পরবর্তী সময়ে তিনিই হত্যা মামলার বাদী হন।

সুরতহাল প্রতিবেদনে আঘাতের চিহ্ন না থাকার বিষয়টি উল্লেখ থাকলেও ঘটনার প্রায় চার দিন পর, ৭ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটে বিজয়নগর থানায় গিয়ে আতিকুর রহমান বুকে ঘুষি ও গলায় পাড়া দিয়ে হত্যার অভিযোগ এনে এজাহার দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ১০ জনকে আসামি করে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা রেকর্ড করা হয়। ফলে মৃত্যুর দিন প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদন এবং পরবর্তী সময়ে দায়ের করা হত্যা মামলার অভিযোগের মধ্যে পার্থক্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন গুরুত্বপূর্ণ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জালালপুর গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে প্রভাব ও কর্তৃত্ব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর, ১১ নভেম্বর এবং সর্বশেষ ১৬ নভেম্বর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ সংঘর্ষে দেশীয় অস্ত্রের ব্যবহার হয়। এতে অন্তত ২০ থেকে ৪০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এলাকাবাসীর অভিযোগ, পুরোনো এই বিরোধের জের ধরেই আব্দুল আলীর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বর্তমান হত্যা মামলার পেছনে আরও একটি পুরোনো ঘটনার যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, ২০২৩ সালের মার্চে রুবেল নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করেও প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনায় বিজয়নগর সি.আর. মামলা নম্বর ১১১৭/২০২৪ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে তদন্তাধীন রয়েছে। আগামী ৩০ নভেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, ওই মামলায় সাক্ষী হিসেবে থাকা সৌদি আরব প্রবাসী বাবুল মিয়ার পরিবারকে চাপে ফেলতেই আব্দুল আলীর মৃত্যুকে কেন্দ্র করে নতুন হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বাবুল মিয়াকে দুই নম্বর আসামি করা হয়েছে। তাঁদের আরও অভিযোগ, গ্রামের প্রভাবশালী হিসেবে পরিচিত দানা মিয়ার ইন্ধনে আতিকুর রহমানকে বাদী করে মামলাটি দায়ের করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত দানা মিয়া ও মামলার বাদী আতিকুর রহমানের বক্তব্য জানা যায়নি।

হত্যা মামলার বৈধতা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে প্রতিকার চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করেছেন ভুক্তভোগীরা। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-২ অধিশাখা থেকে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড-১ শাখায় পাঠানো হয়। পরবর্তী সময়ে পুলিশ সদর দপ্তর থেকেও মাঠপর্যায়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনা পাঠানো হয়েছে বলে আবেদন-সংক্রান্ত নথিতে উল্লেখ রয়েছে। এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল বলে জানা গেছে।

অন্যদিকে ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থায় (জিআরএস) আবেদন করার পর আদালতের জিআরও শাখা থেকে মূল সুরতহাল প্রতিবেদন সরিয়ে ফেলা হয়েছে। তবে আদালতের নকলখানা থেকে সংগ্রহ করা সুরতহাল প্রতিবেদনের সত্যায়িত অনুলিপি তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেছেন তাঁরা। এ ঘটনায় আদালতেও পৃথক আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

মামলার কারণে সৌদি আরব প্রবাসী বাবুল মিয়ার বিদেশে অবস্থান ও কর্মস্থলে ফিরে যাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে দাবি পরিবারের। তাঁদের ভাষ্য, তাঁর ৯০ দিনের এক্সিট-রি-এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা রয়েছে। হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরলে গ্রেপ্তার ও হয়রানির শঙ্কাও করছেন তাঁরা। এ পরিস্থিতিতে হত্যা মামলা বাতিল, ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত গ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং বাবুল মিয়ার সৌদি আরবে ফিরে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষার দাবিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন আবেদনকারীরা।

সব মিলিয়ে আব্দুল আলীর মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলা, সুরতহাল প্রতিবেদনে বাদীর স্বাক্ষর, চিকিৎসা নথিতে মৃত্যুর সময়কার উল্লেখ এবং পরবর্তী সংঘর্ষের ঘটনাগুলো নিয়ে জালালপুরে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

 

এবিষয়ে জানতে চাইলে হত্যা মমালার বাদি আতিকুর রহমান জানিয়েছেন, তার বাবা আব্দুল আলীকে আঘাত করা হয়নি। তবে ধাওয়া  করায় তার বাবা পড়ে গিয়েছিলেন।

 

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।