Tepantor

রাস্তার কাজ না করে টাকা আত্মসাৎ’র অভিযোগ

11 December, 2023 : 3:05 pm

তেপান্তর রিপোর্ট: আশুগঞ্জের লালপুরের কান্দাপাড়ায় একটি রাস্তা মেরামতের প্রকল্পের টাকায় কাজ না করে তা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের এক মহিলা মেম্বারের বিরুদ্ধে। ওই মহিলা মেম্বারের নাম রুবি আক্তার, তিনি লালপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মেম্বার। এলাকাবাসী জানিয়েছেন, রাস্তার কাজ করা তো দূরের কথা, কাজের যে টেন্ডার হয়েছে এই কথা এলাকার মানুষ জানেনই না।মাস ছয়েক আগে লালপুর সিএনজি স্ট্যান্ডডের কাছে কান্দাপাড়ায় দয়াময় মন্দিরের সামনে দিয়ে দক্ষিণদিকে এলাকার ভিতর প্রবেশ করা রাস্তাটি মেরামতের কাজের অনুমোদন হয়। কিন্তু রাস্তাটি যেমন ভাঙ্গা ছিল তেমনই আছে। তবে রাস্তার কাজ না করলেও রুবি আক্তার তার নিজ বাড়ির সামনের রাস্তার সামান্য অংশে ইট লাগিয়েছেন।

অনেকে অভিযোগ করেছেন, রাস্তার কাজের ইট মেম্বার রুবি আক্তার তার বাড়ির সামনের রাস্তার অংশে লাগিয়েছেন ও নিজ বাড়িতে নিয়ে বিল্ডিং তৈরি করেছেন। এই প্রকল্পটি কত টাকার তাও এলাকাবাসী জানেন না।

ওই এলাকার দোকানদার লবা দাশ দানিয়েছেন, এই রাস্তা মেরামতের জন্য কোন প্রকল্পের অনুমোদন হয়েছিলো কিনা সেটা তার জানা নেই। রাস্তা মেরামতের কোনো কাজ হতেও তিনি দেখেননি। রাস্তা যেমন ভাঙ্গা ছিল তেমনই আছে।

সুকুমার দাস নামে এক বাসিন্দা জানান, রাস্তার কোনো কাজ হয়নি, কাজ হতে আমরা দেখিওনি। রাস্তা যেমন ভাঙ্গা ছিল তেমনই আছে। আর ইট এনে থাকলে সেগুলো তার বাড়িতে নিয়েছে।

মজিদ উল্লাহ ভান্ডারি নামে আকে ব্যক্তি বলেছেন, কান্দাপাড়া এই রাস্তাটি দীর্ঘ দিন যাবৎ ভাঙ্গা। কাজের টেন্ডার হয়েছে মাস ছয়েক আগে। কিন্তু টেন্ডারের টাকা পয়সা কোথায় তার কোন হিসাব নাই। রাস্তার ওই মাথায় (মেম্বারের বাড়ির সামনে) কয়েকটা ইট লাগিয়ে তিনি কাজ শেষ করেছেন।

এলাকার রমেশ নামে আরেক বৃদ্ধ জানিয়েছেন, রাস্তার মাঝখানে একটি বড় গর্ত ছিলো। সেটি মালামাল নেওয়ার একজন ট্রাক ড্রাইভার ইট ফেলে ভরাট করেছেন তার সুবিধার জন্য। কিন্তু রাস্তার কোনো কাজ হতে তরা দেখেননি।

মেম্বার রুবি ঢাকায় অবস্থান করায় এবিষয়ে বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি।

পরবর্তীতে লালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু লিটন চন্দ্র দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তার কাজ করা হয়েছে। কাজ করা হয়নি তথ্যটি সঠিক নয়। মেম্বার রুবি টাকা আত্মসাৎ করেনি বরং তিনি নিজের টাকা খরচ করে রাস্তা মেরামতের কাজ করেছেন। কিন্তু কত টাকার প্রকল্প এটি জানতে চাইলে এই বিষয়টি তিনি জানেন না বলে জানান।

এদিকে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ মাস্টার অসুস্থ থাকায় এবিষয়ে তার কোন বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array