Tepantor

ফজলে রাব্বির কয়েকটি গুচ্ছ কবিতা

26 April, 2025 : 5:21 pm

বজ্রপাত

গাছের ছায়া নেমে এসেছে মাটির উপর,

একটি পাতার তাই মৃদু শোক, কাঁপছে ঝিরঝিরে বাতাসে মাটির গন্ধ আর নীরবতা মিশে একাকার।

এই শহরের মাঝে কিছুই আর বাকি নেই,

বজ্রপাত শুধু ফিরে আসে আমাদের হৃদয়ে।

নৃত্য

প্রচণ্ড ঝড়ে একা দাঁড়িয়ে আছে অর্জুন গাছ,

আর তোমার দা’ এর কাছে বুক পেতে দেয় সাহসী মাছ।

মাছের নৃত্য দেখে ধেয়ে যায় বাজপাখি,

গোগ্রাসে গিলে ফেলে গোপনে—

উপলব্ধিই সুন্দর পরিণতি।

সাম্পান

একাকী নির্ভার জীবন

বয়ে যায় নদীর মতোন

তবু বুক ছিড়ে চলে যায়

মাঝি আর কয়েকটি সাম্পান।

বিভক্তি

বিভক্ত হয়ে গেছে আমাদের স্মৃতি

সময়ের স্রোতে,

পৃথিবীর পথে পথে

কাকের সংঘাতে।

বৃষ্টি

আমার লাশ দাফন উৎসবে

মানুষের কোনো ছায়া ছিলো না।

রৌদ উঠেনি সেদিন, বৃষ্টি কেঁদেছে শুধু—

তাই আমি কবর থেকেও বৃষ্টি ভালোবাসি।

বৃষ্টির জলে মুছে গেছে সব অভিযোগ,

ভিজে মাটি জানে কারা আসেনি,

জল জমেছে চোখে, না মাটিতে—কে জানে?

শুধু বৃষ্টি জানে, কারা ছিলো,

কারা ছিলো না উৎসবে।

জলের ভাষা

নগ্ন চোখ বুঝেনি হৃদয়ের ভাষা,

 হৃদয় বুঝেনি দেহের সৎকার।

 পানির হৃদয় :কঠিন,তরল,বায়বীয়

পানিকে চিনিনি কোনোদিন

        অথচ

 পান করি রোজ।

শামুক চিনেছে পৃথিবী

পাখি বুঝেছে প্রকৃতির গতি,

আমরা বুঝিনি।

পরিশেষে, পানিতেই হলাম তুমুল নিখোঁজ।

ভাষা

      কথা না বলা ভাষা

        যে দেখেও বলে না কিছু

           কিন্তু হৃদয় পড়ে নেয় অতি সহজে—

              আমি জলের প্রপাতে

                  নেমে আসি নিঃশব্দে

                      নীরব বিষাদধারায়।

                          গিলে নিই নিঃশব্দে—

                                 অন্তর্লীন

                                   ক্রোধ

                                       বিষাদ

                                          আর

                                             সময়ের

                                                 নামে

                                                     বিপন্ন

                                                         বিভ্রম।

মিনিমালিস্ট

ঝরে পড়ল পাতা-

একটা শব্দহীন

জীবনের বিদায়….

 

লেখা: ফজলে রাব্বি

শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।