Tepantor

সার্ভার থেকে মিটার গায়েব, সিসি ক্যামেরা অচল, প্রি-পেইডের স্থলে পোষ্টপেইড, ব্রাহ্মণবাড়িয়া পিডিবি’তে হরিলুট

25 November, 2025 : 4:06 pm
ছবি: সহকারী প্রকৌশলী লতিফুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম।

সীমান্ত খোকন:
আগের পর্বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ব্রাহ্মণবাড়িয়ার দুইটি বিতরণ বিভাগের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির তথ্য তুলে ধরা হয়েছিলো। ৫ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে তৃতীয় পর্ব।

তাদের অনিয়ম ও দূর্নীতির মধ্যে মাসোহারার বিনিময়ে ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজে অবৈধ লাইন দেওয়া থেকে শুরু করে আবাসিকে ব্যবসায়িক সংযোগ, বহুতল ভবনে নিয়মবহির্ভূত লাইন, স্টোরে ঘন ঘন চুরি, প্রভাবশালী কর্মচারীদের সিন্ডিকেট, নিয়োগপ্রাপ্ত হয়েও কোনো দিন অফিসে না আসা ‘সাহায্যকারী’ পদদারী মনিরা আক্তারের স্থলাভিষিক্ত হয়ে তার স্বামী নাসিম বছরের পর বছর ধরে অফিস পরিচালনা করা, নিয়ন্ত্রণ করছেন নতুন মিটার বরাদ্দ থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড। অভিযোগ রয়েছে, এসব অনিয়ম ঢাকতেই অফিসের অধিকাংশ সিসিটিভি ক্যামেরাও অকার্যকর করে রাখা হয়েছে।

এ পর্বে থাকছে আরও কিছু অনিয়ম দূর্নীতির বিস্তারিত তথ্য। বর্তমানে নতুন সংযোগের ক্ষেত্রে প্রি-পেইড (কার্ড মিটার) দেওয়ার নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রেই পিডিবি’র দূর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা পোস্টপেইড মিটার দিচ্ছেন। এই বিষয়টি একটি অনিয়ম, এর ফলে আরও বড় ধরনের দূর্নীতির করা রাস্তা তৈরি হয়। কিভাবে? ধরা যাক একটি পোষ্ট পেইড মিটারে ১ লক্ষ টাকা বিল আসে তখন ৫০ হাজার টাকার বিনিময়ে সেই মিটার নম্বর বা রেকর্ড পিডিবি’র অনলাইন সার্ভার থেকে মুছে ফেলে পিডিবি। এতে করে পিডিবি’র দূর্নীতিবাজ কর্মীরা পেলো ৫০ হাজার কিন্তু সরকার রাজস্ব হারালো ১ লক্ষ টাকা। এসব দূর্নীতি যখন বেড়ে যায় তখনই বিদ্যুৎ খাত-এ সরকারকে ভর্তুকি গুনতে হয় বলে মত অনেকের। তবে এভাবে সার্ভার থেকে মিটার নম্বর মুছে ফেলার প্রমান ইতোমধ্যে পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া পিডিবি’র বিতরণ বিভাগ-২ এর ক্ষেত্রে। তারা নিজের হাতে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা না দিয়ে মিটার নম্বর সার্ভার থেকে মুছে ফেলেছেন। এই তথ্য পিডিবি নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে লিখা হয়েছে। আর প্রতিবেদনের দ্বিতীয় পর্বে লিখা সাহায্যকারী পদদারী মনিরুল ইসলামের কর্মকান্ড বিশ্লেষন করলে আরও প্রমান পাওয়া যায়। তিনি মোটরসাইকেল করে মিটারের বস্তা নিয়ে বের হোন। গ্রাহকদের কাছে গিয়ে হাজার হাজার ও লক্ষাধিক টাকা বকেয়া থাকা পোস্টপেইড মিটার ফেলে দিয়ে নতুন মিটার লাগিয়ে দিয়ে আসেন। পরবর্তীতে সেই ফেলে দেওয়া মিটার নম্বর সার্ভার থেকে মুছে ফেলার ব্যবস্থা করেন পিডিবি’র কর্মকর্তাগণ।

সরেজমিন অনুসন্ধানে নেমে আমরা এমন অনেক মিটারের সন্ধান পেয়েছি যেগুলো নতুন সংযোগে পোষ্টপেইড মিটার স্থাপন করা হয়েছে। আবার অনেক আছে পুরাতন সংযোগে পোষ্টপেইড মিটার চলছে। এক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া শহর ও শহরের বাইরে আমরা এগুলো দেখেছি।

এদিকে ব্যাটারি চালিত অটোরিক্সা বা ইজিবাইক চার্জ দেওয়ার যেই গ্যারেজ আছে সেগুলো থেকে পিডিবি সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে মাসোহারা পেয়ে থাকে বলে অভিযোগ আছে। এমনও অভিযোগ আছে যে, বড় গ্যারেজ থেকে সাপ্তাহিক ১ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে থাকে পিডিবি। সপ্তাহে এক লক্ষ টাকা মাসোহারা নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিতরণ বিভাগ-১ এর সহকারী প্রকৌশলী লতিফুর রহমান বলেন, “এত না”।
এত না তাহলে কত? প্রতিবেদক ফের এমন প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

শহর ও শহরতলীর এলাকাগুলোতে ব্যাটারি চালিত অটোরিক্সা বা ইজিবাইক চার্জ দেওয়ার জন্য অনেক গ্যারেজ রয়েছে। সেই গ্যারেজগুলোতে নিয়মের বাইরে সংযোগ দিয়ে রাখা হয়েছে। যদিও ব্রাহ্মণবাড়িয়া পিডিবি ’র কর্মকর্তাগণ এগুলোকে বৈধ বা অবৈধ কিছুই বলছেন না। কারন তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে কেউই সাংবাদিকের সাথে কোনো কথা বলছেন না। বাস্তবতা হলো, যেই গ্যারেজে ২৫/৩০ টি ইজিবাইক চার্জ দেওয়া হচ্ছে সেখানে ২৫ কেভির মিটারে বিদ্যুৎ সংযোগটি চলার কথা না। কিন্তু তা স্বত্বেও সংযোগটি চলছে। কিভাবে? সেটি প্রশ্ন।

আমাদের প্রতিবেদকগণ সরেজমিনে গিয়ে এমন অনেক অটো গ্যারেজ দেখেছেন যেগুলোতে বেশির ভাগ ক্ষেত্রে ২৫ থেকে ৩০ টি ইজিবাইক চার্জ দেওয়া হচ্ছে ২৫ থেকে ৩০ কেভির মিটার ব্যবহার করে। ইজিবাইকগুলোতে ৫/৬ টি ব্যটারি থাকে। এক অনুসন্ধানে দেখা গেছে ৮ কেভির একটি মিটার দিয়ে ৫ ব্যাটারির ৪টি ইজিবাইক চার্জ হয়। ৪টির স্থলে ৫টি অটো চার্জ দিতে গেলেই মিটার বন্ধ হয়ে যায়। তাই প্রশ্ন আসে অন্যান্য অটো গ্যারেজগুলো কিভাবে ২৫ কেভি মিটার ব্যবহার করে ২৫ টি অটো চার্জ দেয়?

উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামের দায়ীত্বরত এলাকায় পিডিবির বিভিন্ন অনিয়মের অভিযোগ এসেছে। কিন্তু এসব বিষয়ে জানতে তার সাথে যোগযোগ করা হলে তিনিও কোনো বক্তব্য দেননি এবং কোনো অভিযোগই তিনি শুননে নি। তিনি নিজেকে খুবই সৎ লোক দাবী করে বলেন, যেহেতু আমি কোনো অনিয়ম করিনা তাই কোনো অভিযোগও শুনবোনা।

এতদিন সবাই ১ নম্বর বিতরণ বিভাগের কর্মকর্তারা নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ হাফিজের অনুমতি ছাড়া কেউ কথা বলবেনা জানিয়েছিলেন। পরবর্তীতে মির্জা মোহাম্মদ হাফিজের সাথে যোগাযোগ করে কিছু প্রশ্ন রাখা হলে তিনিও এসব অনিয়মের অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য দেননি সাংবাদিককে।

এমনকি ২৫ নভেম্বর বক্তব্য জানার জন্য কুমিল্লার আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামকে একাধিক বার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
চলবে…

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।