Tepantor

শিক্ষা নীতির লঙ্ঘন করে নিজ স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন সাবেরা সোবহানের শিক্ষকরা  

18 February, 2026 : 6:39 pm

তেপান্তর রিপোর্ট | ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়–এ সরকারি নীতিমালাকে উপেক্ষা করে একাধিক শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর মাধ্যমে প্রকাশ্যেই অনিয়মে জড়িয়ে পড়েছেন—এমন  অভিযোগ উঠেছে।

সরকারি বিধান অনুযায়ী কোনো শিক্ষক নিজ স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতে পারবেন না। এমনকি অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী পর্যন্ত সীমা নির্ধারণ করা আছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক নির্বিঘ্নে নিজের স্কুলের ছাত্রীদের প্রাইভেট পড়াচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানিয়েছেন—
কিছু শিক্ষক এমন পরিবেশ তৈরি করেছেন, যেখানে প্রাইভেট না পড়লে পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

প্রাইভেট পড়ানোর সাথে জরিত শিক্ষকরা হলেন, বাংলা বিষয়ের নিজাম উদ্দিন, ইংরেজির সামিয়া আক্তার, ইংরেজির বাসিরুল আলম, গণিতের জাকির হোসেন ও বাংলা বিষয়ের শফিকুর রহমান।

পত্রিকার পক্ষ থেকে এই পাঁচ শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে কেউই নিজ স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার বা স্বীকার করেননি। বরং তারা বারবার অন্য স্কুলের “১০ জন শিক্ষার্থী পড়ানোর নিয়মের” কথা উল্লেখ করে মূল প্রশ্ন এড়িয়ে যান।
তাদের একজন অবশ্য পরোক্ষভাবে স্বীকার করেন—নিজ স্কুলের শিক্ষার্থীরাও প্রয়োজনে তার কাছে আসে। তখন কিছু করার থাকেনা।

আরও চাঞ্চল্যকর বিষয় হলো—শিক্ষকদের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন সিনিয়র সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে প্রতিবেদককে হুমকি দেন। তিনি প্রতিবেদক’কে বলেন, “আপনার বিরুদ্ধে পত্রিকায় হেডলাইন হবে”।
যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয়—এই অনিয়মের পেছনে রয়েছে সংগঠিত চাপ ও ভয় দেখানোর সংস্কৃতি।

জানতে চাইলে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ভূইয়া বলেন,

“শিক্ষকরা যদি প্রাইভেট পড়ান, সেটা স্কুলের বাইরে। স্কুলের ভিতরে নয়। আর এ বিষয়ে আমি কিছু জানি না। কেউ আমাকে জিজ্ঞেস করেও কিছু করে না।”

প্রশ্ন থাকে, একটি সরকারি প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে এমন কর্মকাণ্ড চললেও প্রধান শিক্ষক কি আদৌ অজ্ঞাত থাকতে পারেন?

 

এই ঘটনা কয়েকটি ভয়াবহ বাস্তবতা তুলে ধরে:

শিক্ষকতা পেশাকে ব্যবসায় রূপান্তর, শিক্ষার্থীদের উপর মানসিক ও ফলাফলভিত্তিক চাপ, প্রশাসনের নীরবতা ও দায়িত্বহীনতা, হুমকির মাধ্যমে সত্য চাপা দেওয়ার সংস্কৃতি।

যখন শিক্ষকই নিয়ম ভাঙেন, তখন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা কোথায় দাঁড়ায়—এ প্রশ্ন থেকেই যায়।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।