তেপান্তর রিপোর্ট:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২৫ ব্যাটালিয়ানের (সরাইল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদের বিরুদ্ধে হবিগঞ্জ বিশেষ জজ আদালতে পিটিশন অভিযোগ করা হয়েছে।
এই অভিযোগপত্রে আরও ১০ জন বিজিবি সদস্য ও ২০-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামী করা হয়েছে। গত ২৪ নভেম্বর অভিযোগটি করেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আহমদপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মোঃ সাজ্জাদ আলী প্রকাশ নয়ন (২৯)।
অধিনায়ক ও অন্যান্য বিজিবি সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ভঙ্গ, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৫ লক্ষ টাকা চুরি এবং মিথ্যা মাদক ও অস্ত্র মামলা দায়েরের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বিগত ৩০/০৭/২০২৫ ইংরেজি তারিখে সকাল অনুমান ১১:৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউপি’র কালির বাজারে অবস্থিত অভিযোগকারীর শাহনা গ্যাস হাউস নামক ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে । পরবর্তীতে সরাইল বিজিবি কার্যালয়ে নিয়ে নির্যাতন করা হয়।
আরও বলা হয়, ১ নং আসামি কর্নেল জব্বারের নেতৃত্বে অন্যান্য আসামিরা নয়নের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে । এ সময় ২ ও ৩ নং আসামী জোরপূর্বক ক্যাশ বাক্স থেকে নগদ ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা অসৎ উদ্দেশ্যে চুরি করে নিয়ে যায় ।
অভিযোগ আছে, বিজিবি সদস্যরা অভিযোগকারী সাজ্জাদ আলী নয়ন এবং আব্দুস সামাদ জাবেদ-কে মাদক ও অস্ত্রবিহীন অবস্থায় গ্রেপ্তার করে । নয়নকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, হাতকড়া লাগিয়ে রশি দিয়ে পিঠমুড়া করে বেঁধে বিতর্কিত ঘটনাস্থলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় , যেখানে মাদক ব্যবসা বা সেবন হয় বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, বিজিবি সদস্যরা নয়ন সহ সকল ভুক্তভোগীকে বিজিবি ক্যাম্পে নিয়ে একটি কক্ষে ২৪ ঘণ্টার অধিক সময় আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেন কর্নেল জব্বার আহমেদ নিজে বালতি ভরা পানিতে নয়নের মাথা ডুবিয়ে এবং বুট জুতা দিয়ে পাড়া মেরে নয়নকে আঘাত করেন । ২ নং আসামী সুবেদার মোহাম্মদ ফুরকান উদ্দিন অভিযোগকারীর বুক বরাবর সজোরে লাথি মারলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন ।
পরে তাদের বিরুদ্ধে সম্পূর্ণ বেআইনিভাবে ও পূর্বপরিকল্পিতভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং অস্ত্র আইনে মাধবপুর থানায় মামলা নং ৫৯, তারিখ ৩১/৭/২০২৫ ইংরেজি, (জিআর নং ৩২৩/২৫) দায়ের করেন । অভিযোগকারী উল্লেখ করেন, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ঘটনাস্থল সম্পর্কে তথ্য গোপন করেছেন এবং জব্দ তালিকাও মিথ্যা ।
মারাত্মকভাবে নির্যাতনের শিকার হওয়ায় জামিনে মুক্ত হওয়ার পর অভিযোগকারী চিকিৎসা গ্রহণ করে কিছুটা সুস্থ হয়ে ন্যায়বিচারের আশায় এই পিটিশন দাখিল করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ্য আছে।
অভিযুক্তরা প্রভাবশালী ও ক্ষমতার অপব্যবহারকারী হওয়ায় থানায় সুবিচার পাওয়া যাবে না—এই আশঙ্কা করে তিনি “নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর ১৫(১) (২) (৩) (৪) তৎসহ পেনাল কোডের ৩৭৯/৩৮০/৩৫৪/৫০৬(২)//৩৪ ধারায়” মামলা দায়েরের অনুরোধ জানিয়েছেন ।
এ ব্যাপারে পত্রিকার পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে ২৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, এটি মিথ্যা, ভূয়া ও সরকারি কাজকে বাধাগ্রস্থ করতে এই অভিযোগটি করা হয়েছে।
তবে দোকানে গিয়ে বিজিবি সদস্যদের মারধর ও সিসি ক্যামেরা ভাংচুর করার কয়েকটি ভিডিও তেপান্তরের হাতে এসেছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics