তেপান্তর রিপোর্ট:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন আজ বুধবার (৩১ ডিসেম্বর) সম্পন্ন হবে। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জাতীয় মসজিদের খতিব এই জানাজায় ইমামতি করবেন। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
দাফন অনুষ্ঠানে নিরাপত্তার কারণে সাধারণ জনগণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। জানাজা ও দাফনস্থল ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাগ বা কোনো ধরনের ভারী বস্তু সঙ্গে না আনার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, খালেদা জিয়ার মরদেহ সকালে হাসপাতাল থেকে সংসদ ভবন এলাকায় আনা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় প্রটোকল মেনে মরদেহ বহন ও জানাজার কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিকে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে মঙ্গলবার দুপুর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ রাজধানীর উদ্দেশে রওনা হয়েছেন। ভিড় এড়াতে অনেকেই ব্যক্তিগত যানবাহন ও বিকল্প পথে ঢাকায় প্রবেশ করছেন। শেরেবাংলা নগর ও তৎসংলগ্ন এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics