পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক আজ বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে পাকিস্তান সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্পিকার সরদার আয়াজ সাদিক খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবারের সদস্য ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। এর আগে সকালে ঢাকা পৌঁছালে বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয়ভাবে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জানাজার আনুষ্ঠানিকতা শুরুর আগে পাকিস্তানের স্পিকার তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে বসেন। বৈঠকে খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয়টি উঠে আসে।
বুধবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেরেবাংলা নগরে দাফন করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদেশি প্রতিনিধি হিসেবে পাকিস্তান ও ভারতের শীর্ষ ব্যক্তিরা এই অন্ত্যেষ্টিক্রিয়ায় সশরীরে উপস্থিত রয়েছেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics