বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, কিন্তু টলাতে পারেনি মনের জেদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে মাদারীপুরের কালকিনী থেকে ঢাকায় এসেছেন ১১০ বছর বয়সী বৃদ্ধ মৌলভী আব্দুর রশিদ। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর রাজপথে তাকে দেখা যায় প্রিয় নেত্রীর জানাজায় শামিল হতে।
মৌলভী আব্দুর রশিদ জানান, তিনি একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একনিষ্ঠ ভক্ত ছিলেন। ১৯৮১ সালে জিয়ার মৃত্যুর পর তার জানাজাতেও অংশ নিতে ঢাকায় এসেছিলেন তিনি। আব্দুর রশিদের মতে, জিয়ার দেশপ্রেম তিনি খালেদা জিয়ার মধ্যে খুঁজে পেয়েছিলেন। জীবনের নানা জেল-জুলুম সহ্য করেও খালেদা জিয়ার ‘আপসহীন’ মানসিকতাই তাকে মাদারীপুর থেকে ঢাকার টানে নিয়ে এসেছে।
শতবর্ষী এই বৃদ্ধ আবেগঘন কণ্ঠে বলেন, ‘খালেদা জিয়ার মতো নেত্রী বাংলার মাটিতে আর জন্মাবে বলে মনে হয় না। তিনি কখনো নৈতিকতার প্রশ্নে আপস করেননি। এই বয়সে এসে যদি তাকে শেষ বিদায় জানাতে না পারতাম, তবে মনে বড় আফসোস থেকে যেত।’
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ঢাকায় আসতে শুরু করেন। আব্দুর রশিদের মতো হাজারো মানুষের এই উপস্থিতি প্রমাণ করে সাধারণ মানুষের হৃদয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থান। জানাজা শেষে আজই তাকে সাভারে শহীদ জিয়ার কবরের পাশে দাফন করা হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics