তেপান্তর রিপোর্ট:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। স্মরণকালের বৃহত্তম এই জানাজায় রাজধানীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মানুষের জনসমুদ্র সৃষ্টি হয়।
জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ অংশগ্রহণ করেন। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় শামিল হন।
জানাজার আগে এক আবেগঘন সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “আমার মা খালেদা জিয়া কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন তবে তাকে ক্ষমা করে দেবেন। উনার কোনো ঋণ থাকলে আমি তা পরিশোধ করব, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন।” তিনি দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন।
দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাপিয়ে জনস্রোত খামারবাড়ি ও আসাদ গেট পর্যন্ত বিস্তৃত হয়। জানাজা শেষে এখন তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে দাফন করার প্রক্রিয়া চলছে। এর আগে দুপুরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা আনুষ্ঠানিক শোকবার্তা প্রদান করেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics