Tepantor

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদিত, লম্বা অবকাশের সুযোগ যেখানে

1 January, 2026 : 11:00 am

আগামী ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অনুমোদিত প্রজ্ঞাপন অনুযায়ী, বছরজুড়ে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে ৯ দিনই সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় প্রকৃতপক্ষে ১৯ দিন সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি ভোগ করতে পারবেন কর্মজীবীরা।

২০২৬ সালের ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা গেছে, সামান্য কৌশল অবলম্বন করে কয়েক দিন ঐচ্ছিক বা ব্যক্তিগত ছুটি নিতে পারলে বছরজুড়ে একাধিকবার লম্বা অবকাশ কাটানোর সুযোগ রয়েছে। বিশেষ করে মে মাসে মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলে টানা ১০ দিনের দীর্ঘ ছুটির হাতছানি রয়েছে।

মাসভিত্তিক ছুটির চিত্র:

ফেব্রুয়ারি ও মার্চ: ৪ ফেব্রুয়ারি শবেবরাতের ছুটির পর ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছুটি নিলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন অবকাশ মিলবে। মার্চ মাসে ঈদুল ফিতর উপলক্ষে ২১ মার্চ সাধারণ ছুটির সঙ্গে নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে টানা ৫ দিনের বিরতি থাকছে। তবে ১৮ মার্চ একদিনের ছুটি নিতে পারলে শবেকদর ও ঈদের ছুটি মিলিয়ে টানা ৭ দিনের অবকাশ পাওয়া সম্ভব।

এপ্রিল ও মে: ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটির আগে ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিতে পারলে টানা ৫ দিনের ছুটি মিলবে। বছরের সবচেয়ে লম্বা ছুটির সুযোগ থাকছে মে মাসে। ২৮ মে ঈদুল আজহার আগে-পরে নির্ধারিত ছুটির সঙ্গে ২৪ ও ২৫ মে ছুটি যোগ করতে পারলে টানা ১০ দিন অফিস থেকে দূরে থাকতে পারবেন সরকারি চাকুরেরা।

আগস্ট, অক্টোবর ও ডিসেম্বর: ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস ও ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবীর পরের দিনগুলোতে (বৃহস্পতিবার) ছুটি নিলে চার দিন করে অবকাশ পাওয়া যাবে। একইভাবে অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবরের পর ২২ অক্টোবর ছুটি নিলে পাওয়া যাবে টানা ৫ দিন। বছরের শেষে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর ১৭ ডিসেম্বর ছুটি নিলেই ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটিসহ টানা ৪ দিনের ছুটির সুযোগ থাকছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array