Tepantor

পুরো বাংলাদেশই এখন আমার পরিবার: তারেক রহমান

1 January, 2026 : 11:29 am

তেপান্তর রিপোর্ট:
নিকটজন হারানোর শোক কাটিয়ে দেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে পুরো বাংলাদেশই এখন নিজের পরিবার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি এই অনুভূতি ব্যক্ত করেন।

বার্তায় তারেক রহমান বলেন, মা বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করার পর তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে এই কঠিন সময়ে সাধারণ মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্ব অনুভব করতে দেয়নি। তিনি উল্লেখ করেন, লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা প্রমাণ করেছে যে বেগম খালেদা জিয়া কেবল তার মা ছিলেন না, বরং তিনি ছিলেন সমগ্র জাতির মা।

শোকের এই মুহূর্তে নিজের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোকেও স্মরণ করেন বিএনপির শীর্ষ এই নেতা। তিনি বলেন, “আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে— নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।”

বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশ নেওয়া বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দেন, তার মা যেখানে কর্মযাত্রার ইতি টেনেছেন, সেখান থেকেই তিনি জনগণের সেবার হাল ধরবেন। মায়ের আদর্শকে ধারণ করে ঐক্য ও দেশপ্রেমের শক্তি খুঁজে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array