Tepantor

প্রাথমিকে শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিকে ঘাটতি, শোকের আবহে অনানুষ্ঠানিক বিতরণ

1 January, 2026 : 11:44 am

তেপান্তর রিপোর্ট:
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা শতভাগ পাঠ্যবই হাতে পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, এবারের বইয়ের ছাপার মান আগের চেয়ে উন্নত এবং এটি অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য। তবে প্রাথমিকের কাজ শতভাগ শেষ হলেও মাধ্যমিক স্তরে এখনো বইয়ের সংকট রয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র মতে, মাধ্যমিকের মাত্র ৬০ থেকে ৭০ শতাংশ বই এখন পর্যন্ত মাঠপর্যায়ে পৌঁছেছে। বাকি বইগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে বলে আশা করছে এনসিটিবি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলমান রাষ্ট্রীয় শোকের কারণে এবার কোনো জাঁকজমকপূর্ণ ‘বই উৎসব’ পালন করা হয়নি। উৎসবের পরিবর্তে অনানুষ্ঠানিকভাবে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এবার প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে সরকার প্রায় ৩০ কোটি কপি বিনামূল্যে পাঠ্যবই ছাপিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তন ও কারিকুলাম পরিমার্জনের কারণে মাধ্যমিকের বই ছাপাতে কিছুটা বিলম্ব হয়েছে। বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের বড় একটি অংশ এখনো ছাপাখানায়। তবে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের ৮ কোটি ৫৯ লাখ বই ১৬ ডিসেম্বরের মধ্যেই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছিল।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array