মনোনয়নপত্রে তথ্যের অসংগতি ও হলফনামায় স্বাক্ষরের তারিখ নিয়ে জটিলতার কারণে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এই ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মান্নার জমা দেওয়া হলফনামায় নোটারি পাবলিকের ল’ইয়ারের স্বাক্ষর ছিল ২৮ ডিসেম্বর, কিন্তু প্রার্থী হিসেবে মান্না নিজে স্বাক্ষর করেছেন ২৯ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী নোটারি পাবলিকের সামনেই প্রার্থীর স্বাক্ষর করার কথা থাকলেও এই একদিনের ব্যবধানের কারণে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হলফনামায় ফৌজদারি মামলার তথ্য গোপন এবং সম্পদ বিবরণী ফরম দাখিল না করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
একই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তার ক্ষেত্রে হলফনামায় আয়কর রিটার্ন ও সম্পদের বিবরণী দাখিল না করার অসংগতি পাওয়া গেছে।
নাগরিক ঐক্যের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে ‘চাপের মুখে নেওয়া’ বলে দাবি করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন। এর আগে গত ২৯ ডিসেম্বর ঋণখেলাপির তালিকা থেকে নাম স্থগিত হওয়ায় মান্নার নির্বাচনে অংশ নেওয়ার আইনি বাধা দূর হয়েছিল, তবে মাঠ পর্যায়ের যাচাই-বাছাইয়ে নতুন এই প্রশাসনিক জটিলতায় পড়লেন তিনি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics