তেপান্তর রিপোর্ট:
রাজশাহীতে স্বামীর পুলিশের ইউনিফর্ম পরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও তৈরি ও প্রচারের দায়ে এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিললুর রহমান এই শাস্তিমূলক আদেশ প্রদান করেন।
প্রত্যাহার হওয়া ওই পুলিশ সদস্যের নাম মো. সাইফুজ্জামান। তিনি আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আদেশের পর তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, কনস্টেবল সাইফুজ্জামান সীমা খাতুন নামের এক নারীকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। সীমা খাতুন নিয়মিত স্বামীর পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে টিকটকে পোস্ট করে আসছিলেন। বিষয়টি নজরে আসার পর ওসি নিজেই ওই বাসায় গিয়ে তদন্ত পরিচালনা করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, সাইফুজ্জামান তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সীমাকে বিয়ে করেন, তবে এখনও কাবিননামার কাগজপত্র হাতে পাননি।
আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, পুলিশের ইউনিফর্ম অন্য কেউ পরিধান করা একটি ফৌজদারি অপরাধ। স্ত্রীর এমন অপেশাদার আচরণে স্বামীর পোশাকের অবমাননা ও শৃঙ্খলা ভঙ্গের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে চূড়ান্ত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics