Tepantor

জবরদস্তির রাজনীতি করলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে: রুমিন ফারহানা

3 January, 2026 : 11:25 am

তেপান্তর রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশিশক্তি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কড়া বার্তা দেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে রুমিন ফারহানা বলেন, এবারের নির্বাচন হবে ভূমিদস্যুতা ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে লড়াই। কেউ যদি জবরদস্তি করে রাজনীতি করতে চায়, তবে জনগণ তাদের দাঁতভাঙা জবাব দেবে।

দলীয় অবস্থান নিয়ে সমালোচকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কেউ যদি মনে করে রুমিন ফারহানার দল নেই, তবে তারা জীবনের সবচেয়ে বড় ভুল করবে। আমি বিগত সময়ে শেখ হাসিনা কিংবা প্রশাসনকে এক মিনিটের জন্যও তোয়াক্কা করিনি। আমার পাশে সরাইল ও আশুগঞ্জের জনগণ রয়েছে।” তিনি আরও যোগ করেন, ভোটার বা নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে কেউ পার পাবে না।

নির্বাচনী প্রতীক প্রসঙ্গে রুমিন ফারহানা জানান, তিনি ‘হাঁস’ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি শান্তির নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল মিয়া, রেনু মিয়া এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।