Tepantor

হাদি হত্যার বিচারে ৭ জানুয়ারির আলটিমেটাম, ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

3 January, 2026 : 11:35 am

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও খুনিদের শনাক্ত করে অভিযোগপত্র দাখিলের দাবিতে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এই চার দিনের কর্মসূচিতে অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দ্বারে দ্বারে যাবেন সংগঠনের সদস্যরা।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এসময় তিনি ৭ জানুয়ারির মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে চার্জশিট দাখিলের জন্য সময়সীমা বেঁধে দেন। অন্যথায় ‘চূড়ান্ত আন্দোলনের’ মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হাদি হত্যার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। তিনি বলেন, “যারা বাংলাদেশকে দিল্লির সেবাদাসে পরিণত করতে চায়, তাদের পথেই বাধা ছিলেন হাদি। সে কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।” সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিচার নিশ্চিতে তারা কেবল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কাছেই সহযোগিতা চাইবেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১ জানুয়ারি এই মামলার তদন্তে থাকা ডিবি পুলিশ দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছে। তবে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ বর্তমানে পলাতক রয়েছেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array