তেপান্তর রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা মঞ্জুর করা হয়।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর সন্তোষ প্রকাশ করে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘ধানের শীষ প্রতীক নিয়ে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। আজকের শুনানি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।’ রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান।
প্রশাসনের ভূমিকা নিয়ে ইশরাক বলেন, ‘অতীতে আমরা প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ দেখেছি। তবে এবার এখন পর্যন্ত সকল প্রার্থীর প্রতি নিরপেক্ষ ও সমান আচরণ লক্ষ্য করছি। এটি একটি ইতিবাচক পরিবর্তন। আশা করি এই পরিবেশ অব্যাহত থাকবে এবং দেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপি নির্বাচন কমিশন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি অঙ্গীকার করেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics