Tepantor

গণতান্ত্রিক উত্তরণের মাইলফলক: তারেক রহমানকে ড. ইউনূসের অভিনন্দন বার্তা

14 February, 2026 : 12:59 pm

তেপান্তর রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ জয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই বিপুল বিজয় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতান্ত্রিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। জনগণের এই সুস্পষ্ট রায় দেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ড. ইউনূস তার বার্তায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বের কথা স্মরণ করেন। তিনি বিশ্বাস করেন, এই আদর্শিক উত্তরাধিকার তারেক রহমানের আগামী দিনের পথচলাকে আলোকিত করবে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে বিএনপির গঠনমূলক ভূমিকার জন্য তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপির ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বার্তার শেষাংশে প্রফেসর ইউনূস প্রত্যাশা করেন যে, নতুন নেতৃত্বের অধীনে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে। অর্থনৈতিক রূপান্তর ও বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে নবনির্বাচিত নেতৃত্বের প্রজ্ঞা ও মেধার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।