Tepantor

২৯৭ আসনের গেজেট প্রকাশ: নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি শুরু

14 February, 2026 : 8:17 am

তেপান্তর রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনের গেজেট প্রকাশিত হয়। এর মাধ্যমেই নতুন সংসদের যাত্রা ও শপথ গ্রহণের আনুষ্ঠানিক পথ প্রশস্ত হলো।

গেজেট প্রকাশের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা, প্রটোকল এবং আনুষঙ্গিক সেবার পরিকল্পনা সাজানো হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিশেষ এই মুহূর্তটি সফল করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড় ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ ও দেশজুড়ে গণভোট অনুষ্ঠিত হয়। ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিয়েছে। ২ হাজার ২৯ জন প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ১১৯টি প্রতীকের এই নির্বাচনি লড়াইয়ে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ নিবন্ধিত দলগুলোর উপস্থিতিতে এবারের নির্বাচনটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array