Tepantor

ঢাকা-১২: জামানত হারালেন ‘আমজনতার’ তারেক, জয়ী জামায়াতের সাইফুল

13 February, 2026 : 2:27 pm

তেপান্তর রিপোর্ট:
ঢাকা-১২ (তেজগাঁও-রমনা) আসনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমজনতার দলের সদস্য সচিব ও প্রজাপতি প্রতীকের প্রার্থী মো. তারেক রহমান। এমনকি এই আসনে বাতিল হওয়া ভোটের চেয়েও কম ভোট পেয়েছেন তিনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলে দেখা যায়, আমজনতার দলের এই প্রার্থী প্রজাপতি প্রতীকে মাত্র ১ হাজার ৪৪ ভোট পেয়েছেন। যেখানে এই আসনে মোট বাতিল হওয়া ভোটের সংখ্যা ২ হাজার ৪৪৪টি। অর্থাৎ বাতিল ভোটের অর্ধেকেরও কম ভোট জমা পড়েছে তার ঝুলিতে।

ঢাকা-১২ আসনে ২২ হাজার ১৮০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর সাইফুল আলম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (কোদাল প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। এছাড়া ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ২৯ হাজার ৮৬৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, এই আসনে মোট ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন ভোটারের মধ্যে ১ লাখ ২২ হাজার ২৬৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের হার ৩৭ দশমিক ৪২ শতাংশ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে বিএনপি-জামায়াত জোটের জয়জয়কার থাকলেও ঢাকা-১২ আসনে জামায়াত প্রার্থীর এই জয় এবং নতুন রাজনৈতিক দল আমজনতার দলের প্রার্থীর শোচনীয় পরাজয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array