Tepantor

সপ্তম গণবিজ্ঞপ্তির প্রক্রিয়া শুরু: ৬৮ হাজার শিক্ষক নিয়োগের অনুমতি চাইল এনটিআরসিএ

3 January, 2026 : 4:52 pm

তেপান্তর রিপোর্ট:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় নিয়োগের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) এনটিআরসিএ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই চাহিদাপত্র পাঠানো হয়। এনটিআরসিএ জানিয়েছে, টেলিটকের মাধ্যমে সংগৃহীত তথ্যে প্রাথমিকভাবে ৭২ হাজারের বেশি শূন্য পদের আভাস পাওয়া গেলেও চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ৬৮ হাজার পদের তথ্য চূড়ান্ত করা হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয় এই চাহিদাপত্র অনুমোদন করলে দ্রুততম সময়ের মধ্যে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

২০২৫ সালের ১৭ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তবে যোগ্য প্রার্থীর অভাবে মাত্র ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা সম্ভব হয়, যার ফলে প্রায় ৫৯ হাজার পদই শূন্য থেকে যায়। সেই ঘাটতি পূরণ এবং নতুন শূন্য পদগুলোয় শিক্ষক নিয়োগ দিতেই এই সপ্তম গণবিজ্ঞপ্তির উদ্যোগ।

এনটিআরসিএ-র এক কর্মকর্তা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে পদের সঠিকতা যাচাই করা হয়েছে। মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেলেই আবেদন প্রক্রিয়া ও নিয়োগের বিস্তারিত সময়সূচী ঘোষণা করা হবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array