Tepantor

মোবাইল অ্যাপে মেট্রোরেলের কার্ড রিচার্জ সুবিধা চালু

3 January, 2026 : 10:08 pm

তেপান্তর রিপোর্ট:
মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে। এই সেবা নিশ্চিত করতে ‘র‍্যাপিড পাস’ (Rapid Pass) নামে একটি অ্যাপ চালু করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিটিসিএ এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, গণপরিবহনে যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে কারিগরি কারণে অ্যাপের কিছু ফিচারে সাময়িক সমস্যা দেখা দিতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে সমস্যা সমাধানে টেকনিক্যাল টিম কাজ করছে।

ডিটিসিএ জানায়, যেসব গ্রাহক ইতোমধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (rapidpass.com.bd) নিবন্ধন করেছেন, তারা আগের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেই অ্যাপে লগইন করতে পারবেন। অ্যাপের মাধ্যমে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করার সুযোগ রয়েছে। লেনদেনের ক্ষেত্রে ব্যাংক কার্ডের পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ ও নগদ ব্যবহারের সুবিধা রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। নতুন এই ব্যবস্থার ফলে স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার প্রয়োজনীয়তা কমবে বলে আশা করা হচ্ছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array