Tepantor

বিইআরসির ঘোষণার আগেই এলপিজি বাজারে অস্থিরতা: ১২ কেজির সিলিন্ডার ২২০০ টাকায়

4 January, 2026 : 10:23 am
gass


নিজস্ব প্রতিবেদক | ঢাকা:

নতুন বছরের শুরুতে রান্নার গ্যাসের বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন মূল্য ঘোষণার আগেই রাজধানীর খোলা বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ১০০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। সরকারি হিসাবে দাম ১২৫৩ টাকা হওয়ার কথা থাকলেও ভোক্তা পর্যায়ে তা বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়।

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে চলতি মাসের জন্য এলপিজির নতুন দর নির্ধারণ করার কথা রয়েছে। তবে এর আগেই সরবরাহ সংকটের অজুহাতে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লুটছেন বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।

রাজধানীর মগবাজার, বাংলামোটর ও আজিমপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানে সিলিন্ডার নেই। ডিলাররা দাবি করছেন, সময়মতো এলসি খুলতে না পারায় আমদানিতে ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে সরবরাহে। সুযোগ বুঝে খুচরা বিক্রেতারাও কয়েক ঘণ্টার ব্যবধানে দাম কয়েকশ টাকা বাড়িয়ে দিচ্ছেন।

বাংলামোটর এলাকার এক চা বিক্রেতা জানান, গতকাল যে সিলিন্ডারের দাম চাওয়া হয়েছিল ২১০০ টাকা, আজ তা ২২০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে বাড়তি টাকা দিয়েও সময়মতো মিলছে না গ্যাস। নিরুপায় হয়ে অনেক গ্রাহক বৈদ্যুতিক হিটারে রান্নার কাজ সারছেন।

বিইআরসি জানিয়েছে, আগের নির্ধারিত দর আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকার কথা। নিয়ম ভেঙে বাড়তি দামে বিক্রির অভিযোগ খতিয়ে দেখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট আমদানিকারক অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে কমিশন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array