Tepantor

উত্তপ্ত পরিস্থিতির পর জামিন পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসান

4 January, 2026 : 10:54 am

নিজস্ব প্রতিবেদক | হবিগঞ্জ:

পুলিশি হেফাজত ও আইনি নাটকীয়তা শেষে কারামুক্ত হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসান। রবিবার (৪ জানুয়ারি) সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে শহরের শাস্তানগর এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ। মাহদীকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলা শহরে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে থানার সামনে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা।

থানা সূত্রে জানা গেছে, উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনকারী প্রতিনিধিদের দফায় দফায় বৈঠক হয়। তবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় রাতেই জামিন শুনানি সম্ভব হয়নি।

অবশেষে আজ সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে শুনানি শেষে মাহদী হাসানের জামিন আদেশ আসে। আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array