Tepantor

মোস্তাফিজকে বাদ দিয়ে বিপাকে কেকেআর: একদিনেই ১০ লাখ অনুসারী উধাও

7 January, 2026 : 8:35 am

তেপান্তর স্পোর্টস ডেস্ক | ঢাকা:
আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নজিরবিহীন ধসের মুখে পড়েছে। ‘কাটার মাস্টার’কে স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রতিবাদে গত ২৪ ঘণ্টায় কেকেআরের ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে গণহারে ‘আনফলো’ করার হিড়িক শুরু হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, কেকেআরের ফেসবুক পেজের অনুসারী সংখ্যা ১৮ মিলিয়ন থেকে কমে ১৭ মিলিয়নে নেমে এসেছে। অর্থাৎ মাত্র একদিনেই প্রায় ১০ লাখ মানুষ পেজটি ত্যাগ করেছেন। একই দশা ইনস্টাগ্রামেও; সেখানে ৮ মিলিয়ন থেকে অনুসারী সংখ্যা এখন ৭.১ মিলিয়নে ঠেকেছে। বাংলাদেশি সমর্থকদের এই সম্মিলিত বয়কট আইপিএলের ইতিহাসে কোনো ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তায় দ্রুততম পতনের অন্যতম উদাহরণ।

গত ৩ জানুয়ারি মোস্তাফিজকে রিলিজ করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় কেকেআর কর্তৃপক্ষ। এরপর থেকেই দলটির সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে নেতিবাচক রিঅ্যাকশনের বন্যা বয়ে যাচ্ছে। সর্বশেষ এক প্রতিবেদনে জানা গেছে, তাদের একটি পোস্টে ১ লাখ ৩৭ হাজার ‘অ্যাংরি’ রিঅ্যাকশন জমা পড়েছে। নেটিজেনরা ‘#NoMustafizurNoKKR’ হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদ জানাচ্ছেন।

ভৌগোলিক নৈকট্য ও সাকিব আল হাসানের দীর্ঘ পদচারণার কারণে বাংলাদেশে কেকেআরের বিশাল এক সমর্থক গোষ্ঠী ছিল। ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেওয়ার পর সেই উন্মাদনা চরমে পৌঁছালেও, তাকে একটি ম্যাচও না খেলিয়ে বাদ দেওয়ার সিদ্ধান্তকে বিসিসিআই-এর ‘রাজনৈতিক চাপ’ হিসেবে দেখছেন সাধারণ ক্রিকেটপ্রেমীরা।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।