Tepantor

তেহরানে বড় ধরনের বিমান হামলার ছক কষছে ট্রাম্প প্রশাসন

11 January, 2026 : 8:38 am

তেপান্তর আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পরমাণু কেন্দ্র ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলার প্রাথমিক নীল নকশা তৈরি করছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন উদ্ধৃত করে রোববার (১১ জানুয়ারি) এ তথ্য জানা গেছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ নিয়ে আলোচনা শুরু করলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অমীমাংসিত রয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের একাধিক সামরিক পয়েন্টে বড় ধরনের হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে তেহরান যদি বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপে যাবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লেখেন, ইরান হয়তো যেকোনো সময়ের চেয়ে বড় স্বাধীনতার মুখোমুখি। যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করতে প্রস্তুত।

যদিও পেন্টাগন এখনো বড় ধরনের কোনো সেনা বা সামরিক সরঞ্জাম মোতায়েন করেনি, তবে কর্মকর্তারা নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে হামলার রোডম্যাপ সাজাচ্ছেন। এর আগে গত জুনে ফোরদো পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থানে যুক্তরাষ্ট্র ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিক্ষেপ করেছিল।

এদিকে গত শুক্রবার ট্রাম্পের দেওয়া এক কড়া হুঁশিয়ারির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাল্টা অভিযোগ করেছেন। তিনি বলেন, ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রঞ্জিত। দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বাদানুবাদ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করে তোলার আশঙ্কা জাগিয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array