Tepantor

শান্ত-ওয়াসিম ঝড়ে রংপুরের হৃদয়ভঙ্গ: পয়েন্ট টেবিলের দুইয়ে রাজশাহী

11 January, 2026 : 5:55 pm

নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিমের বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সকে অনায়াসেই হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটের মাঠে ১৭৯ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে ১৯ ওভার ১ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। রংপুরের ইনিংসের মূল কারিগর ছিলেন তাওহিদ হৃদয়। মাত্র ৫৬ বলে ৯৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৮টি চার ও ৪টি ছক্কার মার। আক্ষেপের বিষয় হলো, মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। খুশদিল শাহ করেন ২৯ বলে ৪৪ রান। রাজশাহীর বোলারদের মধ্যে তানজিম সাকিব, সন্দ্বীপ লামিচানে, জেমস নিশাম ও রিপন মন্ডল একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিমকে (৩) দ্রুত হারায় রাজশাহী। তবে দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম গড়েন ১৪২ রানের অবিস্মরণীয় জুটি। শান্ত ৪২ বলে ৭৬ রান করে আউট হলেও মোহাম্মদ ওয়াসিম শেষ পর্যন্ত ৫৯ বলে ৮৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

রংপুরের বোলাররা রাজশাহীর এই জুটিতে ফাটল ধরাতে ব্যর্থ হলে ৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে রাজশাহী। এই হারের ফলে পয়েন্ট টেবিলে সিলেট ও রংপুরকে নিচে ফেলে এগিয়ে গেল রাজশাহী ওয়ারিয়র্স।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array