Tepantor

স্বর্ণের দামে নতুন ইতিহাস: ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা

15 January, 2026 : 7:52 am

তেপান্তর রিপোর্ট:

দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম এখন সর্বোচ্চ উচ্চতায়। ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি জানুয়ারি মাসেই তিন দফায় স্বর্ণের দাম বাড়ানো হলো মোট ৭ হাজার ৮৭৪ টাকা। এর আগে ১৩ জানুয়ারি ও ১১ জানুয়ারি দুই দফায় দাম বাড়ানো হয়েছিল। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৭ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এখন ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

স্বর্ণের দামে দফায় দফায় রেকর্ড পরিবর্তন হলেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি পূর্বের ন্যায় ৫ হাজার ৯৪৯ টাকায় বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের অস্থিরতার মধ্যেই মূল্যবান এই ধাতুর দাম দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২ লাখ ৩৪ হাজার টাকা ছাড়াল।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।