Tepantor

সঙ্কট কাটাতে জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি

19 January, 2026 : 10:48 am

বাণিজ্য প্রতিবেদক:

দেশে চলমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ সঙ্কট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে সরকারিভাবে ‘সরকার থেকে সরকার’ (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানি করতে পারবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাকে আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিপিসি চেয়ারম্যানকে ইতিমধ্যে প্রক্রিয়া শুরুর জন্য মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং শীঘ্রই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। তিনি বলেন, “সরকারি পর্যায়ে এলপিজি আনা সম্ভব হলে বাজারে সরবরাহ বাড়বে এবং বেসরকারি খাতের একাধিপত্যের অবসান ঘটিয়ে ভারসাম্য ফিরে আসবে।”

বর্তমানে দেশের এলপিজি বাজারের প্রায় ৯৯ শতাংশই বেসরকারি আমদানিকারকদের নিয়ন্ত্রণে। এর ফলে বিইআরসি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে ভোক্তাদের গ্যাস কিনতে হচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিনের। গত ১০ জানুয়ারি বিপিসি চেয়ারম্যান এক চিঠিতে আমদানির অনুমতি চাইলে সরকার এই সিদ্ধান্ত নেয়।

তবে বিপিসির নিজস্ব কোনো এলপিজি স্টোরেজ বা বটলিং অবকাঠামো না থাকায়, আপাতত আমদানিকৃত গ্যাস বেসরকারি অপারেটরদের টার্মিনাল ও খালাস সুবিধা ব্যবহার করে বাজারে সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছে। আমদানির ক্ষেত্রে বিপিসির তালিকাভুক্ত জিটুজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হতে পারে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array