Tepantor

এলপিজি নিয়ে সুখবর: সংকটের পাহাড় ডিঙিয়ে দুই মাসে আসছে সাড়ে ৩ লাখ টন গ্যাস

21 January, 2026 : 9:29 am

তেপান্তর রিপোর্ট:

নজিরবিহীন সংকটের পর অবশেষে স্বস্তির খবর আসছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতে। বাজারে চরম সরবরাহ ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মুখে আমদানির তোড়জোড় বাড়িয়েছে অপারেটরগুলো। চলতি জানুয়ারি ও আগামী ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে সাড়ে তিন লাখ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বড় অংকের এই আমদানির ফলে পবিত্র রমজানের আগেই বাজারে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করছে সরকার।

গত মাসের শেষ সপ্তাহ থেকে দেশে এলপিজি সিলিন্ডার নিয়ে রীতিমতো হাহাকার চলছে। সরকার নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা হলেও বাজারে তা ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক দোকানে গ্যাস না থাকার নোটিশ ঝুলিয়ে কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগও রয়েছে। এই নৈরাজ্য ঠেকাতে সম্প্রতি আমদানিতে ঋণ সুবিধা বাড়ানো, ভ্যাট-ট্যাক্স কমানো এবং সরকারি সংস্থা বিপিসিকে আমদানির অনুমতি দেওয়ার মতো পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার।

জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি জানুয়ারি (জানুয়ারি ২০২৬) মাসে ১২টি আমদানিকারক প্রতিষ্ঠান ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন গ্যাস আনার প্রক্রিয়া শুরু করেছে। আর আগামী ফেব্রুয়ারি মাসে আমদানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন। দেশে বর্তমানে মাসিক চাহিদা ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী আমদানি হলে চাহিদার তুলনায় উদ্বৃত্ত গ্যাস থাকবে বাজারে।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সহ-সভাপতি হুমায়ুন রশীদ জানান, আমদানির বেশ কিছু জাহাজ ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে কাজ করছে এবং দ্রুতই সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, আমদানিকারকদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ এগোচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলে রমজানে ভোক্তাদের বাড়তি ভোগান্তি পোহাতে হবে না। তবে আমদানিকৃত এই গ্যাস বাজারে পৌঁছানোর আগ পর্যন্ত মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array