Tepantor

রোজায় পণ্য সংকট হবে না, দাম থাকবে নাগালের মধ্যে: বাণিজ্য উপদেষ্টা

25 January, 2026 : 6:55 pm

তেপান্তর রিপোর্ট:
আসন্ন পবিত্র রমজানে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সরবরাহ সংকট হবে না, বরং গত বছরের তুলনায় আমদানি ৪০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দাম তুলনামূলক কম থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

রবিবার (২৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমরা বর্তমান বাজার পরিস্থিতি এবং উৎপাদন ও আমদানির তথ্য নিবিড়ভাবে বিশ্লেষণ করেছি। গত বছরের তুলনায় এবার গড় আমদানির পরিমাণ ৪০ শতাংশের বেশি বেড়েছে। সামগ্রিক বিচারে বাজারের মূল্যস্তর বর্তমানে স্থিতিশীল এবং অনেক ক্ষেত্রে নিম্নগামী। আশা করছি, আসন্ন রমজানে বাজার গত বছরের চেয়ে অনেক বেশি স্থিতিশীল থাকবে।”

বাজার নিয়ন্ত্রণ ও তদারকি প্রসঙ্গে শেখ বশিরউদ্দিন জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম রমজান মাসে আরও জোরদার ও গতিশীল করা হবে। কৃত্রিম সংকট বা অতিরিক্ত মুনাফা রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বৈঠকে উপস্থিত বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা সরকারকে আশ্বস্ত করেছেন যে পণ্যের মজুত পর্যাপ্ত রয়েছে। অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় এর ইতিবাচক প্রভাব দেশীয় বাজারেও পড়বে। সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।