তেপান্তর রিপোর্ট:
দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের ইতিহাসে এটিই স্বর্ণের সর্বোচ্চ দামের রেকর্ড।
রবিবার (২৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় বাজুস। আজ সোমবার (২৬ জানুয়ারি) থেকে সারাদেশে নতুন এই দর কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।
তবে জুয়েলারি দোকান থেকে গয়না কেনার ক্ষেত্রে স্বর্ণের মূল দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যোগ করতে হবে। নকশা ও মানভেদে মজুরির হারে ভিন্নতা থাকতে পারে।
উল্লেখ্য, কেবল জানুয়ারি মাসেই এখন পর্যন্ত ১৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১০ বারই বাড়ানো হয়েছে। এর আগে গত ২৩ জানুয়ারি স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায় ঠেকেছিল, যা ছিল তৎকালীন রেকর্ড।
স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। দেশের ইতিহাসে সর্বোচ্চ দরে পৌঁছেছে এই ধাতু। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৭ হাজার ২৩২ টাকা নির্ধারণ করেছে বাজুস। এ ছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হচ্ছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics