Tepantor

রমজানে বাজার স্থিতিশীল রাখতে সয়াবিন তেল ও ডাল কিনবে সরকার

28 January, 2026 : 7:46 am

তেপান্তর রিপোর্ট:
আসন্ন রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক কোটি লিটার সয়াবিন তেল ও ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির চতুর্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ১৮৫ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। এর মধ্যে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড এবং শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সমপরিমাণ তেল যথাক্রমে ১৮৫ টাকা ৯৫ পয়সা ও ১৮৫ টাকা ৯০ পয়সা লিটার দরে সরবরাহ করা হবে।

এছাড়া স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৭০ কোটি ৯৬ লাখ টাকায় ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি কেজি ডালের ক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ৭০ টাকা ৯৬ পয়সা।

একই সভায় কৃষি উৎপাদন বজায় রাখতে সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়া থেকে ৭৫ হাজার টন ইউরিয়া ও এমওপি সার আমদানির সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সামুদ্রিক গবেষণার জন্য ১৬১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে গবেষণা জাহাজ ও স্পিড বোট ক্রয়ের প্রস্তাবও অনুমোদিত হয়।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array