Tepantor

জ্বালানি তেলের দাম লিটারে কমল ২ টাকা: আজ থেকেই কার্যকর

1 February, 2026 : 7:41 am

ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের অংশ হিসেবে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন এই দর সারা দেশে কার্যকর হচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন মূল্যের বিস্তারিত জানানো হয়। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমে ১০০ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১১২ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া প্রতি লিটার পেট্রোলের দাম ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি বিভাগ জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত মেনে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করা হয়। এর ফলে প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে অভ্যন্তরীণ বাজারে তেলের দাম সমন্বয় করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার সিংহভাগই ডিজেল। কৃষি সেচ, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনে ডিজেলের ব্যাপক ব্যবহারের ফলে লিটারে ২ টাকা দাম কমায় উৎপাদন ও পরিবহন খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম প্রতি মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আলাদাভাবে সমন্বয় করে থাকে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array