Tepantor

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

2 February, 2026 : 7:50 am

লাহোরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করার রেকর্ড গড়েছে পাকিস্তান। রবিবার (১ ফেব্রুয়ারি) বাবর আজমদের দেওয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় অজিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ফরম্যাটে এটিই পাকিস্তানের সর্বোচ্চ ব্যবধানের জয়।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুবের ৩৭ বলে ৫৬ এবং বাবর আজমের ফিফটিতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান। শেষ দিকে শাদাব খানের ১৯ বলে ৪৬ রানের টর্নেডো ইনিংস দলটিকে ২০৭ রানের পাহাড়সম পুঁজি এনে দেয়। শাদাবের ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ২টি চারের মার।

জবাবে মোহাম্মদ নাওয়াজের স্পিন বিষে নীল হয় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন নাওয়াজ, যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। শাহীন আফ্রিদি নেন ২ উইকেট। অজিদের পক্ষে মার্কাস স্টোইনিস (২৩) ও ক্যামেরন গ্রিন (২২) ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি।

এই ম্যাচেই বিরাট কোহলিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩৯টি ফিফটির মালিক হলেন বাবর আজম। ঘরের মাঠে ২০১৮ সালের পর আবারও অজিদের হোয়াইটওয়াশ করার স্বাদ পেল পাকিস্তান।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।