Tepantor

স্বর্ণের দামে বড় লাফ: ২২ ক্যারেট ছাড়াল আড়াই লাখ টাকা

3 February, 2026 : 12:04 pm

তেপান্তর রিপোর্ট:

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। এক লাফে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকেই সারাদেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায় বিক্রি হবে।

তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৬ হাজার ৩৫৭ টাকায় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। এর আগে গত ২ ফেব্রুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। মধ্যবিত্তের নাগালে বাইরে চলে যাওয়া স্বর্ণের এই নতুন রেকর্ড দাম বাজারে কেমন প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array