তেপান্তর ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএলে নেওয়া একটি সিদ্ধান্ত এখন আন্তর্জাতিক ক্রিকেটের বাণিজ্যিক ও কূটনৈতিক কাঠামোয় ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েও রাজনৈতিক চাপে ছেড়ে দিয়েছে—এমন আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির রেশ ধরে এবার পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দিয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচটি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বাণিজ্যিক ইভেন্ট। এই একটি ম্যাচ থেকে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, টিকিট ও স্পনসরশিপ মিলিয়ে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বা ৬ হাজার কোটি টাকার বেশি আয় হয়। পাকিস্তান ম্যাচ বয়কট করলে আইসিসি ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি এই বিপুল অঙ্কের রাজস্ব হারাবে।
ভারতীয় গণমাধ্যম বলছে, ভারত-পাকিস্তান ম্যাচের সময় মাত্র ১০ সেকেন্ডের বিজ্ঞাপন স্লট ২৫ থেকে ৪০ লাখ রুপিতে বিক্রি হয়। সম্প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ‘জিওস্টার’ ইতিমধ্যে এই সম্ভাব্য আর্থিক ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করলে টুর্নামেন্টের জৌলুস কমার পাশাপাশি অংশগ্রহণ ফি ও স্পনসরশিপ বাবদ কয়েক কোটি ডলারের লোকসান গুনতে হবে বিসিবিকেও।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, মোস্তাফিজ ইস্যুটি সঠিকভাবে সামলানো না গেলে এটি কেবল মাঠের লড়াই নয়, বরং বৈশ্বিক ক্রিকেট অর্থনীতি ও অলিম্পিকের মতো বড় আসরে ক্রিকেটের অন্তর্ভুক্তির স্বপ্নেও বড় আঘাত হানতে পারে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics